রাজবাড়ীর আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক যুবককে বিদেশি রিভলবার ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার ০১ ডিসেম্বর ভোরে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(০১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টা থেকে ৬ টা পর্যন্ত রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ, অধিনায়ক–৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে নিমতলা এলাকার একটি বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে মেড ইন জার্মানি ৬ শর্টের একটি বিদেশি রিভলবার এবং একটি রামদা উদ্ধার করা হয়।
আটক আলাউদ্দিন পাটোয়ারী নিমতলা গ্রামের শুকুর পাটোয়ারীর ছেলে। তাকে গ্রেফতারের পর শনিবার সকাল ৭ টায় রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “সেনাবাহিনীর হাতে আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যৌথ বাহিনী। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। অভিযানকে কেন্দ্র করে এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।